আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলীর সোনাখালী গ্রামে কলাগাছ কাটাকে কেন্দ্র করে সংঘটিত চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার রাত ১২টার দিকে র্যাব-৮, সিপিসি-১ ও র্যাব-৪, সিপিসি-২ এর যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার সাভার থানার কলমা এলাকা থেকে হাবিব প্যাদা (৫৫) ও মো. জিয়া প্যাদাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের পশ্চিম সোনাখালী গ্রামের মৃত মঞ্জু প্যাদার ছেলে।
হত্যাকাণ্ডের সূত্রপাত হয় ২০২৫ সালের ১০ এপ্রিল বিকেলে, যখন পশ্চিম সোনাখালী গ্রামের আবুল প্যাদা তার বাড়ির দরজায় রোপণ করা পাঁচটি কলাগাছ কেটে ফেলার অভিযোগ করেন একই বাড়ির হাবিল প্যাদার বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে পরদিন ১১ এপ্রিল শুক্রবার রাতে দুইপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।
বাকবিতণ্ডার শব্দ শুনে মৃত মোনসের আলী প্যাদার ছেলে আলমগীর প্যাদা (৪২) বাইরে এসে উভয় পক্ষকে শান্ত করতে গেলে হোচেন প্যাদা, হাবিল প্যাদা ও শাহারুল প্যাদার নেতৃত্বে ১০-১২ জন তাকে বেধড়ক মারধর করে। হামলায় তিনি গুরুতর আহত হন এবং মাটিতে লুটিয়ে পড়েন। তাকে রক্ষা করতে গেলে তার ভাতিজা জুলহাস প্যাদা (২৮) ও ভাতিজি শাহিনুর বেগম (৩২) একইভাবে হামলার শিকার হন।
তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় পটুয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক আলমগীর প্যাদাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী নাছিমা বেগম (৩১) আমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার আসামির তালিকায় হাবিব প্যাদা ও জিয়া প্যাদার নামও ছিল।
র্যাবের প্রেস ব্রিফিং অনুযায়ী, গ্রেপ্তারকৃত দুই আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সাউথ বাংলা ডেস্ক 





















