নিজস্ব প্রতিবেদকঃ
অর্গানোগ্রাম প্রণয়ন, জনবল অনুমোদন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সহযোগিতা চেয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)।
রোববার (৯ আগস্ট) বিকেল ৩টার দিকে ইউজিসি ভবনে কমিশনের চার সদস্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পবিপ্রবির উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ।
এ সময় ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, অধ্যাপক মো. মেহেদী হাসান, অধ্যাপক ড. মো. আসলাম হোসেন এবং অধ্যাপক ড. মাছুমা হাবিবের সঙ্গে সাক্ষাৎ করেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান।
সাক্ষাৎকালে পবিপ্রবির পক্ষ থেকে ইউজিসির চার সদস্যকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রাম প্রণয়ন ও প্রয়োজনীয় জনবল অনুমোদনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে ইউজিসির সহযোগিতা কামনা করেন পবিপ্রবির উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ জামাল হোসেন উপস্থিত ছিলেন।
পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
মোঃ রিয়াজুল ইসলাম 
























