নওগাঁ প্রতিনিধি: সৌদি আরবের মদিনা শহরে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার সাত প্রবাসীর মৃত্যু হয়েছে।
রোববার (৯ আগস্ট) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাত প্রবাসীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।
নিহতরা হলেন—আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের মৃত বাদলের ছেলে সুমন (৩৫) ও একই গ্রামের চঞ্চলের ছেলে হাসিবুল হাসান শুভ (২৭)। এছাড়া কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালি গ্রামের মৃত গুফফার প্রামাণিকের ছেলে মহুন প্রামাণিক (৪২), সুমুন প্রামাণিক, জান্নার ছেলে রুবেল হোসেন (৩০) এবং ফজলুর প্রামাণিকের ছেলে কলি প্রামাণিক (৩৫)। অপর নিহত ব্যক্তি একই উপজেলার পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল (৩৮)।
স্থানীয় বাসিন্দা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের এসব প্রবাসী জীবিকার তাগিদে সৌদি আরবে যান। পরে তাঁরা মদিনা শহরের একটি সোফা তৈরির কারখানায় কর্মরত ছিলেন। রোববার দুপুরে হঠাৎ ওই কারখানায় আগুন লাগলে সেখানে কর্মরত শ্রমিকদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, ওই অগ্নিকাণ্ডে মোট ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাঁদের মধ্যে আত্রাই উপজেলারই সাতজন রয়েছেন। নিহতদের মধ্যে গন্ডগোহালি গ্রামের চারজন, ডুবাই গ্রামের দুজন এবং পারকাসুন্দা গ্রামের একজন রয়েছেন।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, “সৌদি আরবের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে আত্রাই উপজেলার সাতজন রয়েছেন। গন্ডগোহালি গ্রামের চারজন, ডুবাই গ্রামের দুজন এবং পারকাসুন্দা গ্রামের একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এ ঘটনায় আত্রাই উপজেলার নিহত প্রবাসীদের পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনরা মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।
Reporter Name 



















