ঢাকা প্রতিনিধিঃ রাজধানীর আগারগাঁওয়ে ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) দুপুরে আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কাফরুল থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অভিযোগে দায়ের করা মামলায় মিজানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রোববার নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগের একটি দল আগারগাঁও এলাকায় ফুটপাতসহ বিভিন্ন স্থাপনায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালায়। এ সময় বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে সেখানে যান।
ওসি বলেন, এ সময় মিজান সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর চড়াও হন। একপর্যায়ে তাদের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। অভিযোগ রয়েছে, বাগ্বিতণ্ডার সময় মিজান সিটি কর্পোরেশনের কর্মী ও পুলিশের সদস্যদের আঘাত করেন।
পরে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনগত প্রক্রিয়া শেষে সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, আগারগাঁওয়ের ফুটপাতে ছোট একটি ভাতের দোকান চালিয়ে মাত্র ১০০ টাকায় গরুর মাংস, ভাতসহ খাবার বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পান মিজানুর রহমান মিজান। তার কম দামে খাবার বিক্রির বিষয়টি নিয়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হয়।
Reporter Name 



















