মো. আশরাফ উদ্দীন, বরিশাল
বরিশালের ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারা হাট ও বিস্তীর্ণ পেয়ারা বাগান পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। রোববার (৯ আগস্ট) সকালে স্ত্রী ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে তিনি এই বাগান ও ভাসমান বাজার ঘুরে দেখেন।
ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য, কৃষকদের কর্মচাঞ্চল্য এবং নৌকায় ভাসমান এই ব্যতিক্রমী বাজারের আয়োজন দেখে রাষ্ট্রদূত মুগ্ধতা প্রকাশ করেন। তিনি স্থানীয় পেয়ারা চাষি ও বাগান মালিকদের সঙ্গে কথা বলেন এবং পেয়ারা চাষ, উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ সম্পর্কে বিস্তারিত জানেন।
পরিদর্শন শেষে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সাংবাদিকদের বলেন, ‘ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা হাট সত্যিই অনন্য। এখানকার কৃষকদের কঠোর পরিশ্রম, বাজারের প্রাণচাঞ্চল্য এবং উৎপাদিত পেয়ারার গুণগত মান আমাকে মুগ্ধ করেছে।’
একই সঙ্গে তিনি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বাজারে পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথাও তুলে ধরেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, হাওয়াই ও ক্যালিফোর্নিয়ার কিছু এলাকায় সীমিত পরিসরে পেয়ারা উৎপাদন হয়। কিন্তু বাংলাদেশের মানসম্মত পেয়ারা আন্তর্জাতিক বাজারে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে রপ্তানির ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিষয়টি তিনি তার দেশের সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান।
উল্লেখ্য, ভীমরুলীর ভাসমান পেয়ারা হাট দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী কৃষিভিত্তিক পর্যটনকেন্দ্র। বর্ষা মৌসুমে খাল-নদীতে শত শত নৌকায় পেয়ারা কেনাবেচার মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেশ-বিদেশের পর্যটকরা এখানে ভিড় করেন।
রাষ্ট্রদূতের এই সফর ও রপ্তানি সম্ভাবনা নিয়ে দেওয়া ইতিবাচক বক্তব্যে স্থানীয় পেয়ারা চাষি, ব্যবসায়ী ও বাগান মালিকদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তাদের প্রত্যাশা, প্রয়োজনীয় সহায়তা ও আন্তর্জাতিক মান নিশ্চিত করা গেলে ভীমরুলীর পেয়ারা বিশ্ববাজারে আরও বড় পরিসরে পরিচিতি পাবে।
মো. আশরাফ উদ্দীন 



















