নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা
গাইবান্ধার সাদুল্লাপুরে কালবৈশাখী ঝড়ের সময় গাছের ডাল ভেঙে পড়ে আবু বক্কর সিদ্দিক (৩৫) নামে এক র্যাব সদস্যের মৃত্যু হয়েছে। রোববার (১১ মে) রাতে দায়িত্ব শেষে মোটরসাইকেলে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার।
ওসি বলেন, “রোববার রাত ১০টার দিকে সাহারবাজার এলাকায় প্রবল ঝড়ে রাস্তার পাশের গাছের মোটা ডাল ভেঙে পড়ে। এতে র্যাব সদস্য আবু বক্কর গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
নিহত আবু বক্কর কুষ্টিয়া জেলার বাসিন্দা। তিনি র্যাব-১৩-এর গাইবান্ধা ক্যাম্পে কর্মরত ছিলেন। দুর্ঘটনার সময় তিনি সহকর্মীর সঙ্গে মোটরসাইকেলে করে ক্যাম্পে ফিরছিলেন।
আবু বক্করের সঙ্গে থাকা অপর র্যাব সদস্যও আহত হয়েছেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সাদুল্লাপুর থানার ওসি বলেন, “একজন কর্তব্যরত বাহিনীর সদস্যের এমন মৃত্যু খুবই দুঃখজনক। আমরা গভীর শোক প্রকাশ করছি।”
সাউথ বাংলা ডেস্ক 


























