নিজস্ব প্রতিবেদক ||
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) কেন্দ্রে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৯ মে) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের অন্যান্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একযোগে পবিপ্রবির মূল ক্যাম্পাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পবিপ্রবি কেন্দ্রে মোট ১২৩০ জন পরীক্ষার্থী আবেদন করেন, যার মধ্যে উপস্থিত ছিলেন ১১০১ জন। অংশগ্রহণের হার ছিল ৮৯.৫১ শতাংশ।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুষ্ঠু পরিকল্পনা ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াও পবিপ্রবির বিভিন্ন ক্লাব ও সংগঠনের স্বেচ্ছাসেবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
ভর্তি পরীক্ষার সময় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন এবং সন্তোষ প্রকাশ করে বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বিত প্রচেষ্টা ও সংশ্লিষ্টদের আন্তরিক সহযোগিতায় আমরা একটি সুশৃঙ্খল ও শিক্ষার্থী-বান্ধব ভর্তি পরীক্ষা আয়োজন করতে পেরেছি।”
পরীক্ষার্থীদের সহায়তায় পরীক্ষার আগেই ক্যাম্পাসে স্থাপন করা হয় রোল নম্বর ও কেন্দ্র নির্দেশনাসংবলিত ডিজিটাল ব্যানার। প্রতিটি ভবনের প্রবেশপথে নিরাপত্তা উপ-কমিটি, সাংবাদিক সমিতি, বিএনসিসি, রোভার স্কাউটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করেছে।
ভাইস-চ্যান্সেলরের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল লতিফ, ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, জনসংযোগ বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মোঃ মাহফুজুর রহমান সবুজ, প্রধান খামার তত্ত্বাবধায়ক মোঃ আরিফুর রহমান ও সহকারী রেজিস্ট্রার সুইন আহমেদ প্রমুখ।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ভাইস-চ্যান্সেলর সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, স্বেচ্ছাসেবক, অভিভাবক, এলাকাবাসী ও গণমাধ্যমকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানান।
উল্লেখ্য, গুচ্ছের ‘এ’ ইউনিটে এ বছর ১ লাখ ৪২ হাজার ৭১৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন। মোট আসন সংখ্যা ৮,২৯৭টি—যেখানে প্রতি আসনের বিপরীতে লড়ছেন প্রায় ১৭ জন। এর আগে ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয় ২ মে এবং ‘সি’ ইউনিটের পরীক্ষা ২৫ এপ্রিল।
সাউথ বাংলা ডেস্ক 

























