জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মায়ের কাছ থেকে মোবাইল ফোন না পেয়ে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ইয়ামিন (১৬) নামের এক কিশোর। বুধবার (৭ মে) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের রনচন্ডি গুচ্ছগ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃত ইয়ামিন ওই গ্রামের আব্দুল হাকিমের ছেলে। তার মা সকিনা বেগম পাথর ক্রাশিং মেশিনে কাজ করে কোনোমতে সংসার চালান। পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে ইয়ামিন একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের জন্য মায়ের কাছে বায়না ধরছিল। তবে অভাবের কারণে মা মোবাইল কিনে দিতে পারেননি, বরং বিষয়টি নিয়ে সন্তানকে বকাও দেন।
মা সকিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান, “যখন আমি দুই মাসের গর্ভবতী, তখন স্বামী আমাকে ছেড়ে চলে যায়। অনেক কষ্টে এই ছেলেকে বড় করেছি। আজ একটি মোবাইল দিতে না পারায় সে আমাকে ছেড়ে চিরদিনের মতো চলে গেল।”
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য নূর ইসলাম। তিনি জানান, ইয়ামিন মায়ের ওপর অভিমান করে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এই হৃদয়বিদারক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। অভাব-অনটনের মাঝে বেড়ে ওঠা এক মায়ের জীবনে যোগ হয়েছে আরও এক গভীর বেদনা।
সাউথ বাংলা ডেস্ক 


























