নোয়াখালীর সোনাইমুড়ী থেকে ১১ বছর ধরে পলাতক থাকা এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। তিনি লক্ষ্মীপুরের ব্যবসায়ী আব্দুল মান্নান ভূঁইয়া হত্যা মামলার অন্যতম দণ্ডপ্রাপ্ত আসামি।
গ্রেপ্তার হওয়া আসামির নাম মো. জুলফিকার (২৮)। তিনি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার সৈয়দপুনর কাশেম ভূঁইয়ার বাড়ির বাসিন্দা ও নুরুল ইসলামের ছেলে।
র্যাব-১১, সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার, সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সোমবার (৫ মে) রাতে নোয়াখালীর সোনাইমুড়ী বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৪ সালের ২১ মে রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের ব্যবসায়ী আব্দুল মান্নান ভূঁইয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করা হয়। পরদিন সকালে তার মরদেহ নিজ বাড়ির পাশ থেকে উদ্ধার করে পুলিশ। হত্যার চার দিন পর নিহতের স্ত্রী অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
ঘটনার তদন্ত শেষে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) আটজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি আদালত তিনজনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। মো. জুলফিকার ছিলেন ওই মামলার এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তবে রায় ঘোষণার আগেই তিনি আত্মগোপনে চলে যান।
অবশেষে ৫ মে রাতে র্যাব-১১ এর একটি দল অভিযান চালিয়ে তাকে সোনাইমুড়ী বাইপাস থেকে গ্রেপ্তার করে। পরে তাকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
সাউথ বাংলা ডেস্ক 


























