আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আগামী শুক্রবার (২ মে) রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিকেল ৩টায় শুরু হতে যাওয়া এ কর্মসূচিতে দলের কেন্দ্রীয় শীর্ষ নেতারা অংশ নেবেন।
বৃহস্পতিবার (১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এনসিপি জানায়, গণতন্ত্র হত্যাকারী ও সহিংসতায় জড়িত দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া জরুরি। রাজনৈতিকভাবে দলটি অযোগ্য এবং নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছে দলটি।
এ কর্মসূচিকে সামনে রেখে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। গণসংযোগকালে তিনি বলেন, “আওয়ামী লীগ আর কোনোভাবেই রাজনৈতিক দল হিসেবে টিকে থাকতে পারে না। তারা গণ-অভ্যুত্থানের পর রাজনীতি করার ন্যূনতম নৈতিকতা হারিয়েছে।”
তিনি আরও বলেন, “এই দলের সদস্যদের নির্বাচনেও অংশ নেওয়ার সুযোগ থাকা উচিত নয়। জুলাইয়ে অনুষ্ঠিতব্য নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর শাখা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করছে। দলটির দাবি, দেশের জনগণ গণতন্ত্র ও ন্যায়বিচার ফিরে পেতে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধকরণ চায়।
সাউথ বাংলা ডেস্ক 


























