সাভার প্রতিবেদক ||
ঢাকার আশুলিয়ার শ্রীপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কে মুখে মাস্ক পরে ঝটিকা মিছিল করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার ভাদাইল পবনারটেক এলাকায় এ অভিযান চালানো হয়। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা পলাতক শেখ হাসিনার সমর্থনে স্লোগান দেয় এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে পদত্যাগের দাবি তোলে। ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীরা সবাই মুখে মাস্ক পরে ছিলেন এবং আচমকা রাস্তায় নেমে শ্লোগান দিতে শুরু করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন:
- মো. ইব্রাহিম (১৮), সিরাজগঞ্জ
- মো. নাজমুল খান (১৮), সিরাজগঞ্জ
- মো. ইব্রাহিম (১৮), ঢাকা (আশুলিয়া)
- আবদুল্লাহ নয়ন (১৮), ঢাকা (আশুলিয়া)
- মো. ইসমাইল হোসেন রনি (১৮), ময়মনসিংহ
- মো. তুষার মিয়া (১৮), গাইবান্ধা
তারা সবাই ভাড়াটিয়া হিসেবে আশুলিয়ার বিভিন্ন এলাকায় বসবাস করতেন এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। পুলিশ তাদের পরিচয় নিশ্চিত করে জানিয়েছে, তারা ছাত্রলীগের কর্মী এবং সংগঠনটি নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচিত।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির বলেন, “তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সাউথ বাংলা ডেস্ক 


























