সাউথ বাংলা ডেক্সঃ দেশে ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন নির্ধারিত দরে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, পেট্রল ১৬০ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।
রবিবার(২০ সেপ্টেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে নতুন দাম নির্ধারণের কথা জানানো হয়েছে। নতুন মূল্য সোমবার থেকে কার্যকর হবে।
এর আগে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, পেট্রল ১৪০ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা দরে বিক্রি হচ্ছিল। ফলে চার ধরনের জ্বালানি তেলের দামই লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে।
জ্বালানি বিভাগ জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় দেশের বাজারে নতুন করে দাম সমন্বয় করা হয়েছে। এর আগে কয়েক মাস দেশের বাজারে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল।
নতুন দাম কার্যকর হলে পরিবহন খরচসহ বিভিন্ন পণ্যের উৎপাদন ও সরবরাহ ব্যয়ে এর প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
Reporter Name 



















