মোঃ সজিব সরদার
নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালীর দুমকি উপজেলার সরকারি জনতা কলেজ চত্বর থেকে মেশিনগানের একটি কার্তুজ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ফুটবল খেলার সময় কার্তুজটি দেখতে পেয়ে খেলনা ভেবে বাড়িতে নিয়ে গিয়েছিল নবম শ্রেণির এক শিক্ষার্থী। পরে বিষয়টি জানাজানি হলে ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সরকারি জনতা কলেজ মাঠে ফুটবল খেলছিল নবম শ্রেণির শিক্ষার্থী জিহাদুল ইসলাম জিদান। খেলার সময় বল আনতে গিয়ে কলেজ মাঠের একটি গাছের নিচে ইটের ফাঁকে তামার মতো দেখতে একটি বস্তু দেখতে পায় সে। সেটিকে খেলনা মনে করে বাড়িতে নিয়ে যায় জিদান।
পরদিন রবিবার স্কুলে গিয়ে বন্ধুদের ওই বস্তুটি দেখায় সে। টিফিনের সময় স্থানীয় বড় ভাই জিহাদ হোসাইনের নজরে আসে বিষয়টি। বস্তুটি দেখে সন্দেহ হলে তিনি তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশকে জানান।
খবর পেয়ে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে। পুলিশ প্রাথমিকভাবে এটিকে মেশিনগানের কার্তুজ বলে শনাক্ত করেছে।
শিক্ষার্থী জিহাদুল ইসলাম জিদান বলেন, ‘ফুটবল খেলার সময় বল আনতে গিয়ে গাছের নিচে ইটের ফাঁকে তামার মতো একটি বস্তু দেখতে পাই। খেলনা মনে করে সেটি বাড়িতে নিয়ে যাই। পরদিন বন্ধুদের দেখানোর পর জিহাদ হোসাইন ভাইকে দেখালে তিনি পুলিশে খবর দেন।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কার্তুজটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি মেশিনগানের কার্তুজ বলে জানা গেছে। এটি কীভাবে কলেজ মাঠে এলো, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।
কার্তুজটি কলেজ চত্বরে কীভাবে এলো এবং এর সঙ্গে কোনো ঘটনার যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে জানিয়েছে পুলিশ।
Reporter Name 



















