সাউথ বাংলা ডেস্ক:
ইকুয়েডরের একটি গির্জায় সান্ধ্যকালীন প্রার্থনা পরিচালনার সময় দেয়ালে ঝোলানো ভারী ক্রুশ মাথায় পড়ে এক রোমান ক্যাথলিক পুরোহিতের মৃত্যু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুরোহিতের নাম প্যাট্রিসিও সানচেজ। তিনি দেশটির উপকূলীয় শহর গুয়ায়াকিলের ‘পারপেটুও সোকোরো’ গির্জার দায়িত্বে ছিলেন। গুয়ায়াকিলের আর্চডায়োসিস তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সান্ধ্যকালীন প্রার্থনা পরিচালনার সময় পুরোহিত সানচেজের পেছনে দেয়ালে ঝোলানো ক্রুশটি হঠাৎ খুলে পড়ে। পেছন থেকে ক্রুশটি পড়ে সরাসরি তাঁর মাথায় আঘাত করে। আকস্মিক এ ঘটনায় গির্জায় উপস্থিত প্রার্থনাকারীরা চিৎকার করে ওঠেন এবং তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন।
ঘটনাটি গত শনিবার রাতে ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে স্থানীয় প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
প্যাট্রিসিও সানচেজ ‘কনগ্রিগেশন অব দ্য মোস্ট হোলি রিডিমার’-এর সদস্য ছিলেন। ১৭৩২ সালে প্রতিষ্ঠিত রোমান ক্যাথলিক ধর্মীয় সংগঠনটি বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় কার্যক্রম পরিচালনা করে।
তথ্যসূত্র: এবিসি নিউজ
মোঃ রিয়াজুল ইসলাম 


























