মোঃ মামুন হোসেন, ভোলা প্রতিনিধি||
সকালে বাজারের কাছে দাঁড়িয়ে ছিলেন আবুল কালাম। হঠাৎই ছুটে এল বেপরোয়া গতির মোটরসাইকেল। ধাক্কায় ছিটকে পড়লেন রাস্তার ওপর। ভোলার লালমোহনে এক বৃদ্ধের এমন মর্মান্তিক পরিণতি ঘিরে শোকের ছায়া নেমেছে এলাকায়।
শনিবার সকালে লালমোহন পৌরসভার সওদাগর চৌমুহনী মোড়ে ঘটে দুর্ঘটনাটি। নিহত আবুল কালাম (৬২) পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মহিষ মারাগো বাড়ির বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের দাবি, লালমোহন বাজার দিক থেকে দ্রুত গতিতে বাইক চালিয়ে আসছিল দুই কিশোর—সিয়াম ও হাসিব। নিয়ন্ত্রণ না রেখে তারা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বৃদ্ধকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় আবুল কালামকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানেই দুপুরে তাঁর মৃত্যু হয়।
ঘটনায় তীব্র ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। কিশোরদের এমন বেপরোয়া বাইক চালানো নিয়ে বহুদিন ধরেই অভিযোগ ছিল এলাকাবাসীর।
লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, “ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
বৃদ্ধের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার।
সাউথ বাংলা ডেস্ক 
























