ওভারটেক করতে গিয়ে ট্রাকচাপা, রামুতে যুবকের মৃত্য
তারিকুল তাজ, কক্সবাজার
একটা ভুল ওভারটেক, আর তাতেই চিরতরে থেমে গেল এক তরতাজা প্রাণ। কক্সবাজারের রামুতে ট্রাকচাপায় মৃত্যু হল বাইক আরোহী এক যুবকের।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭ মে) দুপুর আড়াইটে নাগাদ। স্থান—রামুর চাকমারকুল ইউনিয়নের কলঘর বাজারের কাছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক।
নিহতের নাম সাইফুল ইসলাম (২২)। বাড়ি রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের তেচ্ছিপুল খন্দকার পাড়ায়। পিতার নাম ওমর ফারুক।
প্রত্যক্ষদর্শীদের কথায়, কক্সবাজারগামী একটি বালি বোঝাই ট্রাককে ওভারটেক করার সময় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। মুহূর্তের ব্যবধানে ট্রাকের চাকায় পিষ্ট হন সাইফুল। মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়—ঘটনাস্থলেই মৃত্যু।
দুর্ঘটনার পর দীর্ঘ সময় ধরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বন্ধ থাকে যান চলাচল। যানজটের মধ্যে আটকে পড়ে বহু গাড়ি। পরে রামু ক্রসিং হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তরুণ সাইফুলের এমন মৃত্যু মানতে পারছেন না কেউই।
সাউথ বাংলা ডেস্ক 























