নিজস্ব প্রতিবেদক | কুয়াকাটা |
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ছেঁড়া জিও ব্যাগে পা আটকে ঢাকার এক পর্যটক পানিতে ডুবে মারা গেছেন। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত রাজেস কুমার পাল(৪০) ঢাকার বাসিন্দা এবং কয়েকজন বন্ধুর সঙ্গে কুয়াকাটা বেড়াতে আসেন। দুপুরের দিকে প্রধান পয়েন্টে গোসল করতে নামলে হঠাৎ গভীর পানিতে চলে যান তিনি। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধারে তৎপরতা চালান।
প্রায় এক ঘণ্টা পর তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ট্যুরিস্ট পুলিশ ইনচার্জ মো. রাসেল আহমেদ জানান, “সমুদ্রে গোসলের সময় সচেতন না হলে এ ধরনের দুর্ঘটনা ঘটতেই পারে। আমরা বারবার সতর্কবার্তা দিলেও অনেকেই তা মানেন না।”
স্থানীয় প্রশাসন ও পর্যটন কর্তৃপক্ষ সমুদ্রে সাবধানতার সঙ্গে গোসল করার অনুরোধ জানিয়েছেন।
সতর্কবার্তা:
- সমুদ্রের জোয়ার-ভাটার সময় খেয়াল রাখুন।
- সাঁতার না জানলে গভীরে যাবেন না।
- নিরাপদ পয়েন্ট ছাড়া অন্য কোথাও নামা বিপজ্জনক।
- ট্যুরিস্ট পুলিশের নির্দেশনা মেনে চলুন।
সাউথ বাংলা ডেস্ক 


























