ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশীতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন পর্যটকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (৮ মে) সকালে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, হেলিকপ্টারটি দেহরাদুন থেকে পর্যটকদের নিয়ে যাত্রা করেছিল হরশিল হেলিপ্যাডের উদ্দেশে। সেখান থেকে গন্তব্য ছিল প্রায় ৩০ কিলোমিটার দূরের গঙ্গনানি এলাকা। ভ্রমণের মাঝপথেই উত্তরকাশীর নিকটে সেটি দুর্ঘটনার কবলে পড়ে। হেলিকপ্টারটিতে মোট ছয়জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে চারজন ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনার খবর জানিয়ে এক্স (সাবেক টুইটার) পোস্টে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি লেখেন, “যারা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, সৃষ্টিকর্তা তাদের আত্মাকে শান্তি দিন এবং শোকাহত পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন।” একই সঙ্গে আহতদের সর্বোচ্চ চিকিৎসা সহায়তা প্রদানের নির্দেশও দিয়েছেন তিনি।
দুর্ঘটনার পরপরই রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (SDRF) ও জেলা প্রশাসনের টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উত্তরকাশীর জেলা ম্যাজিস্ট্রেট নিজেও ঘটনাস্থলে রওনা হয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত শুরু করা হয়েছে এবং এটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
সাউথ বাংলা ডেস্ক 


























