ফেনী প্রতিনিধি
ফেনীতে ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় জেলা আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পৃথক মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে ফেনী মডেল থানা।
গ্রেপ্তারকৃতরা হলেন—জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান সাজু এবং জেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মজুমদার।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান জানান, সোমবার (৫ মে) রাত সাড়ে ৮টার দিকে শহরের ট্রাংক রোড এলাকা থেকে অ্যাডভোকেট শাহজাহান সাজুকে গ্রেপ্তার করা হয়। তিনি ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।
এর আগে শহরের সহদেবপুর এলাকার একটি বাসা থেকে হুমায়ুন কবির মজুমদারকে আটক করা হয়। পরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মহিপাল এলাকায় নিহত মাহবুবুল হাসান মাসুম হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি সামসুজ্জামান বলেন, “পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।”
সাউথ বাংলা ডেস্ক 


























