সাভারের আশুলিয়ায় হুরাইরা আক্তার কামনা (১৭) নামে এক দশম শ্রেণির ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রেমের সম্পর্কের অভিযোগে দারুল ইসলাহ মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল কাদেরকে আটক করেছে পুলিশ।
রোববার (৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হুরাইরার মৃত্যু হয়। নিহত কামনা কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের আনিসুজ্জামানের মেয়ে এবং স্থানীয় এক স্কুলে দশম শ্রেণিতে পড়াশোনা করত।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল কাদেরের সঙ্গে হুরাইরার প্রেমের সম্পর্ক ছিল। গত শুক্রবার কাদের তাকে কিশোরগঞ্জ থেকে আশুলিয়ায় নিয়ে আসে। এরপর শনিবার দিবাগত রাত ১২টার দিকে হঠাৎ কাদের ফোন করে পরিবারের সদস্যদের জানায় যে, হুরাইরা অসুস্থ হয়ে পড়েছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা কিশোরগঞ্জ থেকে সাভারে ছুটে এলেও ততক্ষণে তার মৃত্যু ঘটে।
স্থানীয়রা বলছেন, একজন মাদ্রাসা অধ্যক্ষের সঙ্গে নাবালিকা শিক্ষার্থীর সম্পর্ক অত্যন্ত অগ্রহণযোগ্য ও নৈতিকভাবে নিন্দনীয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অনেকে বিষয়টির সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অটল বিহারী বিশ্বাস বলেন, “নিহত শিক্ষার্থী ও অভিযুক্ত অধ্যক্ষের মধ্যে প্রেমঘটিত বিষয়ে মনোমালিন্য চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এর জের ধরেই মেয়েটি বিষাক্ত পদার্থ পান করে আত্মহত্যা করেছে।”
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আব্দুল কাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সাউথ বাংলা ডেস্ক 


























