মোহাম্মদ মামুন হোসেন, ভোলা প্রতিনিধি||
ভোলার চরফ্যাশনে স্ত্রীর স্বীকৃতি না পাওয়ায় জামায়াত নেতার বাড়ির সিঁড়িতে অনশনে বসেছেন এক তরুণী। শুক্রবার (২ মে) বিকেলে উপজেলার এওয়াজপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল্লাহ মানসুর হেলালের বাড়িতে এ ঘটনা ঘটে।
অনশনরত তরুণীর নাম রুজিনা বেগম। তিনি চরফ্যাশন উপজেলার মুজিবনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জসিম মুন্সির মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিনের প্রেমের পর পরিবারের অজান্তে পালিয়ে বিয়ে করেন রুজিনা ও সাইফুল্লাহ। পরে তারা ঢাকায় কাবিননামা দেখিয়ে বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রীর মতো একসঙ্গে বসবাস করেন। কিছুদিন পর সাইফুল্লাহ গ্রামের বাড়িতে ফিরে এসে রুজিনাকে ফেলে চলে যান ঢাকায়।
রুজিনার অভিযোগ, “আমাকে বিয়ে করে সংসার করেছে, খরচও চালিয়েছে। এখন তার মা-বাবা মেনে না নেওয়ায় সে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানাচ্ছে। স্ত্রীর স্বীকৃতি না পেলে আত্মহত্যা ছাড়া আর উপায় থাকবে না।”
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ভিড় করেন জামায়াত নেতার বাড়িতে। তবে সাইফুল্লাহ ও তার পরিবারের সদস্যরা ততক্ষণে গা ঢাকা দেন।
চরফ্যাশন উপজেলা জামায়াতের আমির মীর শরিফ জানান, “তারা আত্মীয়। তবে ঘটনাটি ষড়যন্ত্রমূলক হতে পারে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”
শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, “লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত সত্য উদঘাটন ও তরুণীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
সাউথ বাংলা ডেস্ক 


























