সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষিকারা অবশেষে গেজেটেড পদমর্যাদা লাভ করেছেন। গত বুধবার অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ গোলাম কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষা বিভাগের ১৯৭০ সালের ১৭ জুলাইয়ের স্মারক নং-৮৩২-ইডিএন (832-Edn) এর সংশ্লিষ্ট তফসিলে ‘সহকারী শিক্ষক অথবা শিক্ষিকা’ পদটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে এখন থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা গেজেটেড মর্যাদা পাবেন এবং তারা বর্ধিত বেতনসহ অন্যান্য সুযোগ-সুবিধার আওতায় আসবেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, দ্বিতীয় শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রিধারীরা একটি এবং প্রথম শ্রেণির ডিগ্রিধারীরা দুটি অগ্রিম ইনক্রিমেন্ট বা বর্ধিত বেতন পাবেন। এই আদেশটি ২০১৫ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব বরাবর প্রজ্ঞাপনটির অনুলিপিও পাঠানো হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের গেজেটেড পদমর্যাদার দাবি ছিল। পূর্বে পদোন্নতি ও সরকারি সুযোগ-সুবিধা পেতে বিভিন্ন জটিলতার সম্মুখীন হতে হতো। সংশ্লিষ্ট মহলের আশা, এই গেজেটেড স্বীকৃতি শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির পাশাপাশি আর্থিক ও পেশাগত সুযোগ-সুবিধায় ইতিবাচক পরিবর্তন আনবে।
সাউথ বাংলা ডেস্ক 
























