মহান মে দিবসের র্যালি শেষে সড়ক দুর্ঘটনায় নিহত শ্রমিক দল নেতা মানিক গাজীর দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২ মে) সকাল ১০টায় বরিশালের উজিরপুর উপজেলার পশ্চিম ওটরা গ্রামের নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ দুলাল হোসেন, উজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম আলাউদ্দিন, সদস্য সচিব মোহাম্মদ হুমাউন খান, শ্রমিক দল আহ্বায়ক মোহাম্মদ আতিকুল ইসলাম বিপ্লব, ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খোকন ডাকুয়া, এবং বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১ মে বৃহস্পতিবার দুপুর ১টা ১৫ মিনিটে মে দিবসের র্যালি শেষে মানিক গাজী ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব ধামসর সোনার বাংলা বাজার এলাকায় রাস্তার পাশে বসে খিচুড়ি খাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে বরিশালগামী হানিফ পরিবহনের একটি দ্রুতগতির বাস (ঢাকা মেট্রো ব-১২-১৮৫৭) তাকে পিছন থেকে চাপা দেয়। এতে গুরুতর আহত মানিক গাজীকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মানিক গাজী ছিলেন বরিশালের উজিরপুর উপজেলার পশ্চিম ওটরা গ্রামের বাসিন্দা এবং বরিশাল জেলা শ্রমিক দলের সক্রিয় নেতা। তার মৃত্যুর ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সাউথ বাংলা ডেস্ক 


























