বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে বাঁশ কাটতে গিয়ে স্থলমাইন বিস্ফোরণে মনসুর আহমেদ (২৬) নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।
শুক্রবার (২ মে) দুপুরে বাইশফাঁড়ীর তুইঙ্গাঝিরি বিওপি সংলগ্ন ৩৯ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। আহত মনসুর আহমেদ কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিয়মিতভাবে সীমান্ত এলাকা থেকে বাঁশ ও কাঠ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করতেন মনসুর। শুক্রবারও সে একই উদ্দেশ্যে গেলে মিয়ানমারের আরাকান আর্মির পুঁতে রাখা একটি স্থলমাইন বিস্ফোরিত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক স্থানীয়দের বরাত দিয়ে বলেন, “সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন—এমন খবর পেয়েছি। তদন্ত চলছে।”
সাউথ বাংলা ডেস্ক 


























