রাজধানীর কুড়িল রেললাইনে ফুলের ছবি তুলতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন ইসতিয়াক আহমেদ (২২) নামে এক সৌখিন ফটোগ্রাফার।
শুক্রবার (২ মে) দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ইসতিয়াক রেললাইনের পাশে ফুটে থাকা কিছু ফুলের ছবি তুলছিলেন। তিনি ক্যামেরায় দৃশ্য বন্দিতে এতটাই মনোযোগী ছিলেন যে দ্রুতগতির একটি ট্রেনের আগমন টের পাননি। মুহূর্তেই ট্রেনটি তাকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত ইসতিয়াক রাজশাহী কলেজের বাংলা বিভাগের ছাত্র ছিলেন। পাশাপাশি তিনি ছিলেন একজন প্রতিভাবান সৌখিন ফটোগ্রাফার। তার তোলা প্রাকৃতিক দৃশ্য ও ফুলের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয় ছিল।
ইসতিয়াকের অকাল মৃত্যুতে তার ফটোগ্রাফি অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। কেউ কেউ লিখেছেন, “যার ছবি প্রাণ ছুঁয়ে যেত, সেই ছবির পেছনে ছুটতেই তাকে হারাতে হলো।”
এই করুণ ঘটনা আবারও রেলপথে চলাচলরত স্থানে নিরাপত্তার অভাব এবং অসতর্ক অবস্থায় ছবি তোলার ঝুঁকি নিয়ে আলোচনা তৈরি করেছে।
সাউথ বাংলা ডেস্ক 


























