নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) মাদকবিরোধী সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে শোভাযাত্রা এবং ‘উজ্জ্বল ভবিষ্যতের জন্য সুস্থ মন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী এবং পুলিশ সুপার মো. আবু ইউসুফ।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মাহবুব রব্বানীর সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. নেছারউদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, ওশানোগ্রাফি অনুষদের ডিন ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আলী হায়দার রাসেল।
সেমিনারে বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা অংশ নেন। বক্তারা মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সুস্থ জীবনধারা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মোঃ রিয়াজুল ইসলাম 

























