তারিকুল তাজ, কক্সবাজার||
গভীর নিম্নচাপের জেরে কক্সবাজারের মহেশখালীতে অতিরিক্ত জোয়ারের পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃত ব্যক্তির নাম দানু মিয়া (৪২)। তিনি ঘটিভাঙার বাসিন্দা ও মৃত নূর হোসেনের পুত্র। পারিবারিক সূত্রে জানা গেছে, দানু মিয়া মৃগী রোগে ভুগছিলেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে জোয়ারের পানি হঠাৎ করে বৃদ্ধি পেয়ে লোকালয়ে ঢুকে পড়ে। ওই সময় দোকান থেকে বাড়ি ফেরার পথে পানিতে পড়ে যান দানু মিয়া। পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রবল জোয়ারের কারণে কক্সবাজার জেলার মহেশখালীসহ বিভিন্ন উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
সাউথ বাংলা ডেস্ক 
























