নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পুকুরে ছাত্র-ছাত্রীদের একসঙ্গে গোসল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে এলে তারা এটিকে “প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নকারী” উল্লেখ করে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এফ এম আরিফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনাটি ইতোমধ্যেই প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে এবং এর তদন্তে কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিধি অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও জানিয়েছে, এমন ঘটনায় প্রতিষ্ঠানের সুশৃঙ্খল পরিবেশে ব্যাঘাত ঘটেছে। বিজ্ঞপ্তিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে সামাজিক মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ‘নীল দিঘি’ নামে পরিচিত বিশ্ববিদ্যালয়ের পুকুরে ছাত্র-ছাত্রীদের একসঙ্গে গোসল করার দৃশ্য গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। এ নিয়ে শিক্ষার্থী, অভিভাবকসহ সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ ঘটনাটিকে “ছাত্রছাত্রীদের স্বাভাবিক আড্ডার অংশ” বলে দেখলেও, অনেকেই এটিকে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও নৈতিকতার প্রশ্ন হিসেবে দেখছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজ ও ঘটনার সময় উপস্থিতদের শনাক্তের কাজ শুরু করেছে বলে একটি অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে।
সাউথ বাংলা ডেস্ক 


























