নিজস্ব প্রতিনিধি:
‘স্বপ্ন দেখি, স্বপ্ন পূরণের প্রত্যাশায়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দুমকি আপতুন নেছা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকাল ১০ টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, উপস্থিতি ও শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি মো. জসিম উদ্দিন হাওলাদার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. মাহমুদা আখতার হেপির সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে বিদ্যালয় ও পরিবারের মধ্যে সমন্বয় জরুরি। এ জন্য অভিভাবকদের নিয়মিত সন্তানদের পড়াশোনার খোঁজ নেওয়া এবং বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে মো. জসিম উদ্দিন হাওলাদার বলেন, শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের সম্ভাবনাকে কাজে লাগাতে বিদ্যালয় ও পরিবারের পারস্পরিক সহযোগিতার ওপরও গুরুত্ব দেন তিনি।
সমাবেশে শিক্ষার্থীদের শিক্ষা ও ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
মোঃ রিয়াজুল ইসলাম 























