জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় বৈষম্যহীন, মানবিক, জবাবদিহিমূলক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান এবং রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন।
উদযাপন কমিটির সভাপতি মো. হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় শহীদদের আত্মত্যাগ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ছাড়াও জুলাই গণঅভ্যুত্থানে নিহত হৃদয় তরুয়ার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মোঃ রিয়াজুল ইসলাম 

























