পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) হঠাৎ উপস্থিত হয়ে চমকে দিলেন দেশের খ্যাতিমান অর্থনীতিবিদ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
কুয়াকাটা ও পায়রা বন্দর পরিদর্শনের পর লেবুখালী হয়ে ফেরার পথে উপাচার্যের আমন্ত্রণে স্বল্প প্রস্তুতিতে তিনি পৌঁছে যান পবিপ্রবির সবুজ ক্যাম্পাসে।
কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই ঘুরে দেখেন একাডেমিক ভবন, ল্যাব, ছাত্রীনিবাস, ‘লাল কমল’ ও ‘নীল কমল’ লেক। চলমান উন্নয়ন কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয়ে চালু হতে যাওয়া ‘মেরিন ফিশারিজ অ্যান্ড ওসানোগ্রাফি’ বিভাগকে সময়োপযোগী বলে উল্লেখ করেন তিনি। উপাচার্য লেকের গাইড ওয়ালের জরুরি বরাদ্দ চেয়ে সহযোগিতা চান।
উপদেষ্টা বলেন, “প্রাকৃতিক সৌন্দর্য আর শৃঙ্খলা আমাকে মুগ্ধ করেছে। এখানে উচ্চশিক্ষার অপার সম্ভাবনা রয়েছে।”
ছাত্রছাত্রীরা এই সফরকে বলছেন “আনন্দের অনুপ্রেরণা”, আর প্রশাসনের ভাষায়—”একটি দীপ্ত ইতিহাস।”
সাউথ বাংলা ডেস্ক 























