মোঃ মামুন হোসেন, ভোলা প্রতিনিধি||
ভোলার চরফ্যাশনের শশীভূষণে বেগম রহিমা ইসলাম কলেজে মেয়াদপূর্ণ হওয়ার আগেই পূর্বের এডহক কমিটি ভেঙে ‘অবৈধভাবে’ নতুন কমিটি গঠনের প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।
রোববার (৫ মে) দুপুর ২টায় কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ২ মে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই অ্যাডভোকেট পারভেজ নামে একজনকে নতুন এডহক কমিটির সভাপতি করা হয়েছে। অথচ তিনি এ এলাকার বাসিন্দা নন এবং স্থানীয়দের কেউ তাকে চিনে না বলেও দাবি করা হয়।
শশীভূষণ থানা বিএনপির সভাপতি এ বি সিদ্দিক মিয়া, যুবদল নেতা সোহরাব হোসেন সুমন, মিজানুর রহমান রোমান, কৃষকদল নেতা কামাল হোসেন, ছাত্রদল নেতা ইউনুসসহ অনেকে মানববন্ধনে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, “আমরা পূর্বের কমিটির সভাপতি মেহেদী হাসান জুয়েলকে পুনর্বহালের দাবি জানাচ্ছি। যিনি কলেজের উন্নয়নে নিরলসভাবে কাজ করে গেছেন। কিন্তু আওয়ামী লীগপন্থী একটি মহল জাল-জালিয়াতির মাধ্যমে অবৈধ প্রক্রিয়ায় নতুন কমিটি গঠন করেছে।”
তারা আরও বলেন, “অ্যাডভোকেট পারভেজ ইতিমধ্যে চরফ্যাশন আলিয়া মাদ্রাসা ও জনতা বাজার কলেজেও সভাপতি হয়েছেন। অথচ তার এ অঞ্চলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এমনকি তিনি ছিলেন সাবেক বিতর্কিত প্রিন্সিপাল জাহাঙ্গীরের আইনজীবী। আমরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করছি।”
মানববন্ধনে অংশগ্রহণকারীরা নতুন কমিটি বাতিল করে আগের কমিটি বহাল না করা হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
সাউথ বাংলা ডেস্ক 

























