সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের পাইকাপন গ্রামের ফুলবাড়িতে সোমবার (৫ মে) রাত আড়াইটার দিকে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। এতে পাঁচটি পরিবারের মধ্যে চারটি পুরোপুরি ও একটি পরিবার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, বৈদ্যুতিক বাল্ব বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো বসতভিটাকে গ্রাস করে। স্থানীয়দের আড়াই ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন—দুলাল মিয়া, নাহেন মিয়া, কাহেন মিয়া, তুকাজ মিয়া ও সাইমুদ্দিন। তারা জানান, আগুনে বসতঘর, আসবাবপত্র, পরিধেয় কাপড়, নগদ অর্থ, ধান, বাড়ির দলিলপত্র, জাতীয় পরিচয়পত্র (NID), জন্মনিবন্ধনসহ সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে।
নাহেন মিয়া বলেন, “দুলাল ভাইয়ের ঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা। মুহূর্তেই আগুন আমাদের ঘরসহ আশপাশে ছড়িয়ে পড়ে। কিছুই রক্ষা করতে পারিনি।”
ক্ষতিগ্রস্ত দুলাল মিয়া বলেন, “সবকিছু পুড়ে গেছে। এখন পরনের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। বৈশাখ মাসে কষ্ট করে ঘরে তোলা ধানও পুড়ে গেছে।”
বর্তমানে ক্ষতিগ্রস্তরা স্থানীয় প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। তারা সরকারি ও বেসরকারি সহায়তার জন্য আকুতি জানিয়েছেন।
শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বানী চৌধুরী বলেন, “ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার পাঠানো হয়েছে। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অন্যান্য সহযোগিতাও দ্রুত পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
সাউথ বাংলা ডেস্ক 

























