দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকি উপজেলায় শারদীয় দুর্গোৎসব উদ্যাপনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উপজেলার পাঁচটি ইউনিয়নের ১১টি পূজামণ্ডপে এবার দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।
আজ ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনের এ উৎসব শেষ হবে।
উপজেলার ইউনিয়নভিত্তিক পূজামণ্ডপের মধ্যে মুরাদিয়ায় চারটি, শ্রীরামপুরে দুটি, আঙ্গারিয়ায় দুটি, লেবুখালীতে একটি এবং পাঙ্গাশিয়ায় দুটি রয়েছে।
মুরাদিয়া ইউনিয়নের পূজামণ্ডপগুলো হলো বোর্ড অফিস দাসবাড়ি সার্বজনীন শ্রীশ্রী দুর্গামন্দির, মুরাদিয়া ঠাকুরবাড়ি সার্বজনীন শ্রীশ্রী দুর্গা ও কালীমন্দির, মধ্য মুরাদিয়া মাস্টারবাড়ি সার্বজনীন শ্রীশ্রী দুর্গামন্দির এবং দক্ষিণ মুরাদিয়া ভক্তবাড়ি সার্বজনীন নবজাগরণ দুর্গামন্দির।
শ্রীরামপুর ইউনিয়নে দুমকি নতুন বাজারের কেন্দ্রীয় সার্বজনীন শ্রীশ্রী হরিমন্দির ও রাজাখালী হাওলাদারবাড়ি সার্বজনীন শ্রীশ্রী দুর্গামন্দিরে পূজার আয়োজন করা হয়েছে।
আঙারিয়া ইউনিয়নের দক্ষিণ জলিশা গাইনবাড়ি সার্বজনীন শ্রীশ্রী দুর্গামন্দির এবং পশ্চিম আঙারিয়া মণ্ডলবাড়ি সার্বজনীন শ্রীশ্রী রাধাগোবিন্দ দুর্গামন্দিরেও পূজা অনুষ্ঠিত হবে।
লেবুখালী ইউনিয়নের গোসাইবাড়ি সার্বজনীন শ্রীশ্রী দুর্গামন্দির এবং পাঙ্গাশিয়া ইউনিয়নের দক্ষিণ পাঙ্গাশিয়া সাহাবাড়ির শ্রীশ্রী জয়গুরু মন্দির ও উত্তর পাঙ্গাশিয়া সার্বজনীন শারদীয় দুর্গামন্দির কমপ্লেক্সে পূজার আয়োজন করা হয়েছে।
পাঁচ দিনব্যাপী এ উৎসবকে ঘিরে পূজামণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও পূজা-অর্চনার মধ্য দিয়ে উৎসব উদ্যাপনের প্রস্তুতি নিয়েছেন আয়োজকেরা।
Reporter Name 




















