ক্যারিয়ার গঠনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ইএসডিএম ক্লাব ও এইচআর ক্লাবের যৌথ উদ্যোগে “Inspiring Role Model Talks for the Future Leaders in STEM” শীর্ষক প্রকল্পের ফায়ারসাইড চ্যাট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয় কেবল পুঁথিগত বিদ্যা অর্জনের স্থান নয়, পরিপূর্ণ মানুষ হওয়ার অনন্য সুযোগ সৃষ্টি করে।”
এছাড়াও তিনি আরও বলেন, “একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞান অর্জন করলেই চলবে না—তাদের মধ্যে নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা, প্রযুক্তির ব্যবহার, সমস্যা সমাধানের সক্ষমতা এবং দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে। এক্সট্রা সফট স্কিল, বিশেষ করে সময় ব্যবস্থাপনা, সৃজনশীল চিন্তাভাবনা ও উদ্যোক্তা মনোভাব শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
২৪ এপ্রিল (বৃহস্পতিবার), বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের মিলনায়তনে সকাল ১০ টায় অনুষ্ঠিত এই আয়োজনে সার্বিক সহায়তায় ছিলো Kingdom of the Netherlands, DEVLEARN, LightCastle partners, 10 MINUTE SCHOOL, POLICY EXCHANGE ও a2i অরগানাইজেশন। অনুষ্ঠানটি SheSTEM প্রোজেক্ট এর অর্থায়নে বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান ও ট্রেজারার প্রফেসর মো. আব্দুল লতিফ।
এছাড়াও উপস্থিত ছিলেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন এবং ইএসডিএম ক্লাবের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মো. মহসীন হুসাইন খান, আইন অনুষদের ডিন প্রফেসর মোঃ জামাল হোসেন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মুজাহিদুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীরা।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন a2i-এর অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার ফজলে রাব্বী, Bdapps National Appstore-এর রিজিওনাল অপারেশনাল লিড আশিকুর রহমান আশিক, Epic Group-এর জেনারেল ম্যানেজার মোঃ সালাহউদ্দিন এবং CIS Tech Limited-এর সিইও ইব্রাহিম স্বপন।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা STEM বিষয়ক উচ্চশিক্ষা, প্রযুক্তির ব্যবহার, ক্যারিয়ার প্রস্তুতি এবং বাংলাদেশের প্রেক্ষাপটে উদ্ভাবনী চিন্তা ও উদ্যোগ গ্রহণের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন। শিক্ষার্থীদের মধ্যে ভবিষ্যতের নেতৃত্বে নিজেকে প্রস্তুত করার প্রেরণা জাগাতে এই আয়োজন বিশেষ ভূমিকা রাখে।
সাউথ বাংলা ডেস্ক 

























