নিজস্ব প্রতিবেদক||
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে এক নারী শিক্ষার্থীকে শিবির নেতার প্রকাশ্যে ধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্তা এবং দেশজুড়ে নারী শিক্ষার্থীদের ওপর সাইবার বুলিংয়ের প্রতিবাদে আজিজ আহম্মেদ ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুপুরে মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীরাও মিলিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. মমিন মৃধা, সিনিয়র সহ-সভাপতি হাসিবুল ইসলাম তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব হোসেনসহ অন্যান্য নেতাকর্মী ও শিক্ষার্থীরা।
এসময় তারা স্লোগান দেন— “নারী নিপীড়ন বন্ধ করো, ছাত্রসমাজ জেগেছে”, “সাইবার বুলিং রুখে দাও, নারীদের নিরাপত্তা নিশ্চিত করো”, “শিবিরের সন্ত্রাস, রুখে দেবে ছাত্রদল”।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে মমিন মৃধা বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাগুলো ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয় এবং ছাত্রসমাজের জন্য লজ্জাজনক। ছাত্রলীগ ও শিবির উভয়েই ক্যাম্পাসে নারীদের জন্য অনিরাপদ পরিবেশ তৈরি করেছে।” তিনি আরও জানান, ছাত্রদল সবসময় নারী শিক্ষার্থীদের পাশে থাকবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ভূমিকা রাখবে।
এসময় অংশ গ্রহণকারী শিক্ষার্থীরা নারী নিপীড়নকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ এবং সাইবার বুলিং প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
সাউথ বাংলা ডেস্ক 




















