নিজস্ব প্রতিবেদক ||
শিক্ষার মানোন্নয়ন ও গবেষণার প্রসারে নতুন দিশা দিতে বুধবার (৬ আগস্ট) আইন ও ভূমি প্রশাসন অনুষদে পা রাখলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। সঙ্গে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান ও কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল লতিফ।
সকালে অনুষদ ও বিভাগের একাডেমিক, প্রশাসনিক এবং অবকাঠামোগত অগ্রগতি ঘুরে দেখেন উপাচার্য। পরে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, “আইন ও ভূমি প্রশাসন অনুষদ একটি সম্ভাবনাময় একাডেমিক প্ল্যাটফর্ম। সময়োপযোগী আইন শিক্ষা, গবেষণা ও ন্যায়ের পক্ষে নেতৃত্ব গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন প্রসঙ্গে তাঁর মন্তব্য— “শিক্ষার মানোন্নয়ন, গবেষণার সম্প্রসারণ ও দক্ষ মানবসম্পদ গঠনে পবিপ্রবি এগিয়ে যাচ্ছে। সব অনুষদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও উদ্ভাবনী চেতনা গড়ে তুলতে পারলেই আমরা গ্লোবাল অ্যাকাডেমিক প্ল্যাটফর্মে পরিণত হব।”
অনুষদের ডিন অধ্যাপক মোঃ জামাল হোসেন স্বাগত ভাষণে অনুষদের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। উপস্থিত ছিলেন আইন ও ভূমি প্রশাসন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রহিম, সহকারী অধ্যাপক মোঃ রেজাউল ইসলাম মাসুম, মোঃ রহমত সরকার, সহকারী অধ্যাপক সৌদ বিন আলম, প্রভাষক আমিনা সরোয়ারসহ বিভাগের শিক্ষক ও কর্মচারীরা।
এই সফরে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে নতুন আশাবাদ ও উদ্দীপনার সঞ্চার হয়েছে। মতবিনিময় সভায় উপাচার্যের দূরদর্শী দিকনির্দেশনা ভবিষ্যতের একাডেমিক ও গবেষণা অভিযাত্রায় নব উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা জুগিয়েছে।
সাউথ বাংলা ডেস্ক 

























