নিজস্ব প্রতিবেদক||
নিবেদিতপ্রাণ সামাজিক ও মানবসেবামূলক কাজের পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও দ্যুতি ছড়ালেন পটুয়াখালীর দুমকীর গর্ব, ‘লূথার্যান হেলথ কেয়ার বাংলাদেশ’ (এলএইচসিবি)-এর নির্বাহী পরিচালক গ্রেনার মারাক।
তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগ থেকে অভিসন্দর্ভ রচনা করে অর্জন করেছেন সর্বোচ্চ শিক্ষাগত সম্মান ডক্টরেট (পিএইচডি) ডিগ্রি।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. ছালেহ আহাম্মদ খান স্বাক্ষরিত ৮ জুলাই ২০২৫ তারিখের এক অফিস আদেশে জানানো হয়—গত ২৫ জুন বিকেল ৩টায় অনুষ্ঠিত সিন্ডিকেটের ৩১৫তম সভায় পিএইচডি ডিগ্রির এ সিদ্ধান্ত গৃহীত হয়।
তার অভিসন্দর্ভের শিরোনাম—”Impact of Modernization on Sociopolitical Practices of the Garos”।
এই গবেষণা পরিচালনায় তত্ত্বাবধায়ক ছিলেন সরকার ও রাজনীতি বিভাগের প্রাজ্ঞ শিক্ষক প্রফেসর ড. কেএম মহিউদ্দিন।
গ্রেনার মারাক শুধু প্রশাসক বা গবেষকই নন, একাধারে তিনি একজন বহু-মাত্রিক বিদ্যানুরাগীও। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য, অর্থনীতি এবং Victimology and Restorative Justice বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
এ অর্জনের খবরে এলএইচসিবির সহকর্মী, শুভানুধ্যায়ী এবং স্থানীয় জনসাধারণের মধ্যে ছড়িয়ে পড়েছে আনন্দ ও গর্বের আবেশ। অনেকের ভাষায়, “এই ডিগ্রি কেবল ব্যক্তিগত নয়, এটি দুমকীরও অর্জন।”
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়নে গ্রেনার মারাকের নিষ্ঠা যেমন প্রশংসনীয়, তেমনি একাডেমিক উৎকর্ষতাও আজ প্রেরণাদায়ক হয়ে উঠেছে নতুন প্রজন্মের জন্য।
সাউথ বাংলা ডেস্ক 




















