পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন। আগামী ১ জুন ২০২৫ থেকে তিনি এ দায়িত্ব গ্রহণ করবেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অধ্যাপক দেলোয়ার হোসেন বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত। মাটির পুষ্টি উপাদান ব্যবস্থাপনা (Nutrient Management) বিষয়ক গবেষণায় তিনি দেশ-বিদেশে পরিচিত। তার নামে বর্তমানে ৪১টি আন্তর্জাতিক ও জাতীয় গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
তিনি আন্তর্জাতিক প্রকল্পেও সক্রিয় ভূমিকা রেখেছেন। নেদারল্যান্ডসের ওয়াগেনিনগেন বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় পরিচালিত একটি প্রকল্পে দক্ষিণাঞ্চলে খরা ও লবণাক্ত পরিবেশে মুগডাল উৎপাদনের উন্নয়নে তার গবেষণা গুরুত্বপূর্ণ অবদান রাখে।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেছেন, “অধ্যাপক দেলোয়ার হোসেন একজন সৎ, পরিশ্রমী ও গবেষণানির্ভর শিক্ষক। তার নেতৃত্বে কৃষি অনুষদ আরও গতিশীল হবে বলে আমি আশাবাদী।”
প্রশাসনিক ও সাংগঠনিক ভূমিকাতেও অধ্যাপক দেলোয়ার হোসেন সক্রিয়। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন ‘সাদা দল’-এর প্রাক্তন আহ্বায়ক এবং ‘জিয়া পরিষদ’-এর কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান।
নবনিযুক্ত ডিন হিসেবে দায়িত্ব পেয়ে অধ্যাপক দেলোয়ার বলেন, “কৃষি শিক্ষাকে আরও গবেষণাভিত্তিক ও বাস্তবমুখী করে তুলতেই আমি কাজ করব। দক্ষিণাঞ্চলের কৃষিকে সামনে রেখেই পরিকল্পনা নেওয়া হবে।”
এই নিয়োগকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শিক্ষক ও গবেষকদের মধ্যে আশাবাদ প্রকাশ করা হয়েছে।
সাউথ বাংলা ডেস্ক 

























