রাজধানীর কলাবাগান থানার হাতিরপুলের ফ্রি স্কুল স্ট্রিটের একটি বাসা থেকে পিনাক রঞ্জন সরকার (২৪) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত পিনাক রঞ্জন ঢাবির চারুকলা অনুষদের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহে।
সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাত ৮টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুজ্জামান জানান, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে পিনাকের সিলিং ফ্যানে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
তার সহপাঠীরা জানিয়েছেন, পিনাক রঞ্জন সরকার হতাশায় ভুগছিলেন।
পিনাক রঞ্জনের সহপাঠী অর্নব চন্দ্র দেব বলেন, “সোমবার রাতে আমরা পিনাক রঞ্জনের ফেসবুকের মেসেঞ্জার নোটসে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লেখাটি দেখতে পাই। এ নোট দেখে তার রুমমেট ও সহপাঠী জাহিদুল ইসলামকে জানাই। তখন জাহিদ তার অফিসে ছিল। সে অফিস থেকে এসে দেখে কক্ষের ভেতর থেকে দরজা বন্ধ। জাহিদ তাৎক্ষণিক ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে ভেতরে প্রবেশ করে সিলিং ফ্যান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।”
অর্ণব আরও বলেন, “পিনাক কিছুটা চাপা স্বভাবের ছিলেন এবং সহজে নিজের আবেগ বা হতাশা প্রকাশ করতেন না। তবে গত কয়েকদিন ধরে তার হতাশার কিছু লক্ষণ দেখা যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, সেই হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।” সূত্র-ঢাকা ট্রিবিউন
সাউথ বাংলা ডেস্ক 




















