নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ওশানোগ্রাফি অনুষদের জন্য অধিগ্রহণকৃত ভূমি পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ও ওশানোগ্রাফি অনুষদের দায়িত্বপ্রাপ্ত ডিন প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় পটুয়াখালীর কুয়াকাটার হাজীপাড়া এলাকায় বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে তিনি ওই ভূমি পরিদর্শন করেন।
প্রতিনিধি দলটি পরিদর্শনস্থলে পৌঁছালে স্থানীয় জনগণ তাদের স্বাগত জানান। এ সময় তারা এলাকার উন্নয়নে পবিপ্রবি এমন উদ্যোগের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমান উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান দায়িত্ব গ্রহণের পর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় কুয়াকাটা সমুদ্রসৈকতের নিকটবর্তী এলাকায় ওশানোগ্রাফি অনুষদ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সমুদ্রসম্পদ, সামুদ্রিক পরিবেশ ও সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ভূমি পরিদর্শনকালে ওশানোগ্রাফি অনুষদের সহযোগী অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, আব্দুল্লাহ আল হাসান, বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার এবং উপাচার্যের একান্ত সচিব আরিফুর রহমান নোমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম ব্যাচের ৩০ জন শিক্ষার্থী নিয়ে পবিপ্রবির ওশানোগ্রাফি অনুষদের একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। কুয়াকাটার সমুদ্র উপকূলীয় এলাকায় অনুষদটির কার্যক্রম সম্প্রসারিত হলে দক্ষিণাঞ্চলের সমুদ্রসম্পদ ও সামুদ্রিক পরিবেশ নিয়ে শিক্ষা ও গবেষণায় নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শিরোনাম :
পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন
-
Reporter Name - Update Time : ১১:৫৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- ১৭ Time View
Tag :
Popular Post




















