ওসমানীনগরে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু ৮, হাসপাতালে আরও এক শিশু, আহত ৩০
সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন বাউলশিল্পী পেহেলী ভৈরবী, সিলেটের সপ্তম রায় প্রীতম (২২), কিশোরগঞ্জের ঠিকাদার সাইফুল ইসলাম ও ঢাকার শিশু খোজাইফা (৩)। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।
শুক্রবার সকাল সাতটার দিকে ওসমানীনগরের কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সংঘর্ষের পর ইউনিক পরিবহনের বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও এক শিশু মারা যায়।
নিহত ব্যক্তিদের মধ্যে সিলেট নগরীর সোবহানীঘাটের সপ্তম রায় প্রীতম, কিশোরগঞ্জের কুলিয়ারচরের ঠিকাদার সাইফুল ইসলাম ও বাউলশিল্পী পেহেলী ভৈরবী রয়েছেন। এ ছাড়া ঢাকার বিক্রমপুরের জাহাঙ্গীর শেখের মেয়ে খোজাইফা (৩) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। হাসপাতাল সূত্র জানিয়েছে, আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম ভুইয়া বলেন, দুই বাসের যাত্রীরা আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, মাথায় গুরুতর আঘাত নিয়ে আসা শিশুটিকে বাঁচানো যায়নি। দুর্ঘটনার সঠিক কারণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
মোঃ রিয়াজুল ইসলাম 


























