নিজস্ব প্রতিবেদক ||
পটুয়াখালীর দুমকীর সন্তোষদি এলাকায় লোহালিয়া নদীর তীরে গড়ে ওঠা অবৈধ ইটভাটা ‘ফেমাস ব্রিক্স’ পুরোপুরি গুঁড়িয়ে দিল প্রশাসন। রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজন বসাকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত স্ক্যাভেটর দিয়ে উচ্ছেদ অভিযান চালায়। অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও অংশ নেন।
প্রশাসনের দাবি, খাস জমি ও ফসলি জমি দখল করে গড়ে ওঠা ইটভাটাটিতে চিমনি, চুল্লি থেকে শুরু করে পুরো স্থাপনাই ছিল অবৈধ। পরিবেশ বিধিমালা তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে চলছিল ইট উৎপাদন ও বেচাকেনার কার্যক্রম। অভিযানের সময় ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছিটিয়ে কাঁচা ইট নষ্ট করে দেয়।
স্থানীয়রা জানান, এই ভাটাকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতির ইতিহাস নতুন নয়। গত বছর ভ্রাম্যমাণ আদালত একই ইটভাটায় অভিযান চালাতে গেলে ভাটা মালিক ও শ্রমিকরা নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আকতার নিলয়ের নেতৃত্বাধীন টিমের ওপর হামলা চালায়। ইটপাটকেল নিক্ষেপ, স্ক্যাভেটর চালককে মারধর, ধাওয়া–পাল্টা ধাওয়ার পর অভিযানের কাজ সেদিন মাঝপথেই বন্ধ করে দিতে হয়েছিল।
উচ্ছেদের পরও ভাটা মালিকরা আবারও অবৈধভাবে উৎপাদন শুরু করায় জেলা প্রশাসন বিষয়টি নজরে এনে এবার পুরো ভাটা গুঁড়িয়ে দেয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজন বসাক বলেন, “পরিবেশ, কৃষিজমি ও মানুষের স্বাস্থ্য রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলবে। কোনোভাবেই এ ধরনের ভাটা চলতে দেওয়া হবে না।”
সাউথ বাংলা ডেস্ক 




















