নিজস্ব সংবাদদাতা, ঢাকা
রাজধানীতে সকালের শান্ত হাওয়া যেন মুহূর্তেই দুঃস্বপ্নে বদলে গেল। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে হওয়া ভূমিকম্পে কাঁপল ঢাকা। আর সেই কম্পনেই ধসে পড়া পুরোনো ভবনের ইটচাপায় প্রাণ গেল স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফিউল ইসলামের।
বংশালের কসাইটুলীতে পরিবার নিয়ে থাকতেন রাফিউল। মা-ছেলের বাজারে বেরোনোর মুহূর্তটিই হয়ে যায় জীবনের শেষ পথচলা। পাশের একটি ভবনের অংশ ভেঙে মাথায় ইট পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রাফিউলের মা।
মেডিকেল কলেজ সূত্র জানিয়েছে, ২০২৩–২৪ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন রাফিউল ইসলাম। চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে পড়াশোনা শুরু করেছিলেন সে বছরই।
প্রত্যক্ষদর্শীদের ভাষায়, কম্পন শুরুর পর মুহূর্তেই আশপাশের ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুরোনো ভবনটি দুলতে দুলতেই একাংশ নিচে ভেঙে পড়ে। রাফিউলসহ তিনজনের মৃত্যু হয়। অন্য দুইজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৫। কেন্দ্রস্থল ছিল নরসিংদীতে। কয়েক সেকেন্ডের এই কম্পনে রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষ ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে, কেউ চিৎকার করে, কেউ দোড়াতে দোড়াতে খোলা জায়গায় আশ্রয় নেয়।
ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে। নিহতদের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।
অতর্কিতে কেঁপে ওঠা এই ঘটনায় রাজধানীতে নেমে এসেছে শোকের ছায়া।
সাউথ বাংলা ডেস্ক 




















