ভোলা প্রতিনিধি||
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাতা মাত্র ৫০০ টাকা বৃদ্ধির সরকারি পরিপত্র প্রত্যাখ্যান করেছেন শিক্ষক সমাজ। এর প্রতিবাদে ফুঁসে উঠেছে ভোলার চরফ্যাশনের শিক্ষক-কর্মচারীরা। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে চরফ্যাশন সদরে অনুষ্ঠিত বিক্ষোভে শিক্ষকরা বলেন—“এ বৃদ্ধি প্রহসন, আমরা চাই ন্যায্য প্রাপ্য।”
উপজেলার সর্বস্তরের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহণে সকাল ১০টায় শুরু হয় বিক্ষোভ কর্মসূচি। এমপিওভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জোট, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমন্বয় পরিষদ ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
থানা রোডের শিক্ষক সমন্বয় পরিষদ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদ ও সদর রোড প্রদক্ষিণ করে ফ্যাশন স্কয়ারের শহীদ মিনারের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জনতাবাজার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম। বক্তব্য দেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি মোহাদ্দিস মাওলানা কামাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মাহবুবুল আলম, মাধ্যমিক শিক্ষক নেতা টিপু মালতিয়া এবং বাংলাদেশ মাদ্রাসা জেনারেল শিক্ষক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইয়াহিয়া মনির প্রমুখ।
বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে শিক্ষক সমাজ ২০ শতাংশ হারে বাড়ি ভাতার দাবি জানিয়ে আসছে। অথচ কোনো আলোচনা ছাড়াই মাত্র ৫০০ টাকা বাড়িয়ে পরিপত্র জারি করা হয়েছে—এটি প্রহসন ছাড়া কিছু নয়। আমরা এই পরিপত্র প্রত্যাখ্যান করছি।”
তাঁরা আরও ঘোষণা দেন—দাবিকৃত ২০ শতাংশ হারে ভাতা না বাড়ানো পর্যন্ত আন্দোলন চলবে।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখা থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাতা ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করে অনুমোদন দেওয়া হয়। ৫ অক্টোবর ওয়েবসাইটে প্রকাশিত এই পরিপত্রে স্বাক্ষর করেন প্রবিধি শাখার উপসচিব মোসা. শরীফুন্নেসা।
পরিপত্রে বলা হয়, ভাতা প্রদানের ক্ষেত্রে সব আর্থিক বিধি-বিধান মানতে হবে এবং কোনো অনিয়ম হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন। আদেশ জারির তারিখ থেকে এ ভাতা কার্যকর হবে।
Reporter Name 




















