মোঃ মামুন হোসেন, ভোলা প্রতিনিধি||
“একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে”—এই বার্তা বুকে নিয়ে চরফ্যাশনের আব্দুল্লাহপুর ইউনিয়নে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমী সবুজ অভিযাত্রা। আয়োজক চরফ্যাশনের স্থানীয় সামাজিক সংগঠন সুলতান পঞ্চায়েত সামাজিক উন্নয়ন সংস্থা।
রবিবারের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন এলাকায় রোপণ করা হয় প্রায় ৭০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি শুধুমাত্র প্রতীকী বৃক্ষরোপণ নয়—বরং ভবিষ্যতের জন্য একটি পরিকল্পিত পরিবেশ-আন্দোলনের অংশ।
সংস্থার সভাপতি ফরহাদ হোসেন কর্মসূচি চলাকালে বলেন, “জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। একটি গাছ মানে শুধু ছায়া বা ফল নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা।”
সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বলেন, “গাছ কেবল প্রাকৃতিক ভারসাম্যই আনে না, অর্থনৈতিক নিরাপত্তার দিক থেকেও গুরুত্বপূর্ণ। আমরা চাই, প্রতিটি মানুষ অন্তত একটি করে গাছ লাগান—এই হোক আজকের বার্তা।”
কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও আব্দুল্লাহপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনেকেই নিজের হাতে গাছ লাগিয়ে এই সবুজ প্রয়াসকে অভিনন্দন জানান।
স্থানীয়দের মতে, “এ ধরনের কর্মসূচি শুধু বৃক্ষরোপণ নয়, সামাজিক সচেতনতারও অংশ। এটি যেন একদিনও থেমে না যায়।”
সাউথ বাংলা ডেস্ক 



















