বরগুনা | নিজস্ব সংবাদদাতা
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বরগুনার আমতলীতে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠল স্থানীয় প্রভাবশালী পরিবারের সদস্যের বিরুদ্ধে। রোববার দুপুরে আমতলী উপজেলার সদর ইউনিয়নের মহিসডাঙ্গা গ্রামে ঘটে এই ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জমিতে জমে থাকা জল সরাতে কয়েকজন মিলে পাইপ বসান। সেই পাইপের মুখ বন্ধ করে দেন স্থানীয় সাকু হাওলাদার, যিনি শাহজাহান হাওলাদারের ছেলে। অভিযোগ, পাইপ বন্ধের কারণ জানতে চাওয়া মাত্রই ব্যবসায়ী আলমগীর হোসেনের উপর চড়াও হন সাকু। মারধরের পাশাপাশি দেশি অস্ত্র নিয়ে আক্রমণের চেষ্টা চালানো হয় বলে অভিযোগ।
আহত ব্যবসায়ীকে আশঙ্কাজনক অবস্থায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, তাঁর চোখের নিচে ও হাতে গুরুতর আঘাত রয়েছে।
এখানেই শেষ নয়। স্থানীয়দের অভিযোগ, সাকু হাওলাদার ও তাঁর ‘সন্ত্রাসী বাহিনী’র বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকার ক্ষমতায় থাকার সময়ও একই ব্যক্তিদের বিরুদ্ধে আমতলীর প্রবীণ মহরী খবির মৃধাকে মারধরের অভিযোগ উঠেছিল। পরে অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয় বলে দাবি এলাকাবাসীর।
আলমগীর হোসেনের পরিবার জানিয়েছে, তাঁরা আমতলী থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে, এ পর্যন্ত কোনও মামলা রেকর্ড করা হয়নি। যদিও বরগুনার পুলিশ সুপার আশ্বাস দিয়েছেন, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সাউথ বাংলা ডেস্ক 





















