সাকিব আহসান
প্রতিনিধি, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) পীরগঞ্জ:
“সবুজে বাঁচি, সবুজে বাঁচাই”—এই বার্তাকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অনুষ্ঠিত হল এক অনন্য উদ্যোগ। বৃহস্পতিবার দুপুরে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পরিবেশ সচেতনতা ও সবুজায়নের লক্ষ্যে অনুষ্ঠিত হল র্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ কর্মসূচি।
এই আয়োজনে যুক্ত ছিল উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (সিডিএ), যার ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীও একসাথে পালন করা হয়। সহযাত্রী হিসেবে ছিল উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাবেক সহসভাপতি বুলবুল আহম্মেদ, সিডিএ’র আঞ্চলিক সমন্বয়কারী কাওছারুল আলম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদীয় ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপতি গজেন্দ্র নাথ রায়, রফিকা বেগম, উপজেলা সভা প্রধান অবিনাশ চন্দ্র রায় এবং সিডিএ’র গ্রাম সহায়ক মমতা ঘোষ, ডালিম হোসেন, নওশাদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে অংশ নেয় প্রায় ৪০০ জন নারী-পুরুষ। পরে উপস্থিত প্রত্যেককে বিনামূল্যে একটি করে গাছের চারা বিতরণ করা হয়।
পরিবেশ সচেতনতা জাগাতে এমন উদ্যোগে খুশি স্থানীয়রা। অংশগ্রহণকারীদের একজন বলেন, “বাড়িতে এই গাছটা বড় হলে মনে থাকবে—এই দিনটার কথা, পরিবেশের কথা।”
সবুজ পৃথিবীর স্বপ্নে, পীরগঞ্জ একপা এগিয়ে।
সাউথ বাংলা ডেস্ক 




















