রাজবাড়ী প্রতিনিধি ||
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন মাসুদ মোল্লা (৩৭) নামে এক যুবক। তিনি একই এলাকার জিমউদ্দিন মোল্লার ছেলে।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে টুঙ্গিপাড়া-রাজশাহী রেলরুটে চলাচলকারী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেন তিনি। স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, পারিবারিক কলহের জেরে নিজ বাড়ির সামনেই চলন্ত ট্রেনের নিচে নিজেকে ছুড়ে দেন মাসুদ।
ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শত শত নারী-পুরুষ ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে রাজবাড়ী জিআরপি থানাকে অবহিত করা হয়।
রাজবাড়ী জিআরপি থানার এসআই বিধান কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে। আত্মহত্যার পেছনে প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
সাউথ বাংলা ডেস্ক 
























