ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি||
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অটোরিকশার ধাক্কায় করিমন বেওয়া (৯০) নামের এক বাকপ্রতিবন্ধী বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৫ মে) রাতের দিকে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামের কালাচান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ।
জানা গেছে, করিমন বেওয়া দীর্ঘদিন ধরে কুমারটারী এলাকায় বিভিন্ন বাড়িতে আশ্রয় নিয়ে ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো সোমবার রাতেও তিনি কালাচান মোড়ের উত্তরের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মরদেহ এলাকাবাসীর কাছে হস্তান্তর করে।
ওসি আল হেলাল মাহমুদ জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং ঘাতক অটোরিকশাচালককে শনাক্তের চেষ্টা চলছে।
সাউথ বাংলা ডেস্ক 

























